অরণ্য ও বন্যপ্রাণ রক্ষায় কেন্দ্রীয় পরিষেবায় যোগ দেওয়ার সুযোগ, কারা আবেদন করতে পারবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
ifs-recruitment-exam-2026-upsc-prelims-date-eligibility

IFS Officer Recruitment 2026: অরণ্য সংরক্ষণ ও বন্যপ্রাণ রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলায় কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। এই পরিষেবায় আধিকারিক হিসেবে যোগ দিতে হলে প্রতি বছর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রতিষ্ঠান সূত্রে খবর, ২০২৬ সালের আইএফএস পরীক্ষার প্রিলিমিনারি পর্ব আগামী ২৪ মে অনুষ্ঠিত হতে চলেছে।

এই পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। অসংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীরা সর্বাধিক ছ’বার এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। ওবিসি তালিকাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সুযোগের সংখ্যা ন’বার এবং তফশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীরা ৩৭ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার নিরিখে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, রাশিবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ভূতত্ত্ব, কৃষিবিজ্ঞান বা ফরেস্ট্রি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখার স্নাতকরাও এই পরীক্ষার জন্য বিবেচিত হবেন।

READ  বিএইচইউ-তে গবেষণার সুযোগ; মাসে মিলবে ৫৮ হাজার টাকা ফেলোশিপ, কারা যোগ্য?

পরীক্ষা গ্রহণের পদ্ধতি তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় রিজ়নিং, অ্যাপটিটিউড ও বিষয়ভিত্তিক প্রশ্নের মাধ্যমে প্রাথমিক যাচাই করা হয়। এই পর্বে উত্তীর্ণ প্রার্থীরা মেন এগ্‌জ়ামিনেশনে বসার সুযোগ পান, যেখানে দু’টি পত্রে লিখিত পরীক্ষা নেওয়া হয়। সবশেষে ইন্টারভিউ বা পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত প্রার্থীদের প্রথমে দেশের বিভিন্ন সংরক্ষিত অভয়ারণ্য কিংবা দুর্গম অরণ্যাঞ্চলে আধিকারিক হিসেবে কাজ করতে হয়। তার আগে নির্দিষ্ট সময়ের প্রশিক্ষণ পর্বে তাঁদের বন্যপ্রাণ সংরক্ষণ, অরণ্য টহল, অস্ত্র ও যন্ত্র ব্যবহারের নিয়ম, দীর্ঘ সময় ট্রেকিং ও ফিল্ড ডিউটির প্রস্তুতি দেওয়া হয়। প্রশিক্ষণে কৃতিত্বের ভিত্তিতে পরবর্তী পদায়ন নির্ধারিত হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

READ  মুর্শিদাবাদ স্বাস্থ্য দফতরে নিয়োগ শুরু, কোন পদে কত শূন্যপদ এবং কীভাবে আবেদন করবেন ?

বেতন কাঠামোর দিক থেকে প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৫৬,১০০ টাকা ভাতা দেওয়া হয়। পরবর্তী সময়ে পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতনক্রম এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত পৌঁছতে পারে। দাপ্তরিক কাজের প্রয়োজনে বিভিন্ন এলাকায় পরিদর্শনের জন্য সরকারি গাড়ি ব্যবহারের সুবিধাও পান আইএফএস আধিকারিকেরা।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আগ্রহীদের ইউপিএসসি-র পোর্টালের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে। কমিশন জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন জমা দেওয়ার সময় পোর্টালের নির্দিষ্ট অংশে গিয়ে প্রার্থীদের সরাসরি ছবি তোলার নিয়ম চালু করা হয়েছে। পরবর্তী পর্যায়ে পরীক্ষা কেন্দ্রেও পরিচয় যাচাইয়ের জন্য আবার ছবি তোলা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে, ২০২৬ সাল থেকে কর্মরত আইএফএস আধিকারিক বা আমলারা পদোন্নতির উদ্দেশ্যে এই পরীক্ষায় বসতে পারবেন না। সে ক্ষেত্রে পরীক্ষায় অংশ নিতে চাইলে তাঁদের বর্তমান পদ থেকে ইস্তফা দিতে হবে।

Share this: