
IOCL Apprentice Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এর পারাদ্বীপ তৈল শোধনাগারে বৃহৎ পরিসরে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে মোট ৩৪২ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন কারিগরি ও অকারিগরি শাখায় এক বছরের জন্য এই প্রশিক্ষণ চলবে।
কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ফিটার এবং ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডে কাজ শেখানো হবে। দ্বাদশ উত্তীর্ণদের মধ্য থেকে প্রার্থী বাছাই করা হবে। তবে কিছু ক্ষেত্রে বিশেষ যোগ্যতার উল্লেখ রয়েছে। যেমন, মেকানিক্যাল ট্রেডের ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই শংসাপত্র থাকা বাধ্যতামূলক। অন্য দিকে ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণেরা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই প্রশিক্ষণের সুযোগ পাবেন।
এ ছাড়া মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কেমিক্যাল বা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীরাও আবেদন জানাতে পারবেন। গণিত, পদার্থবিদ্যা, রসায়ন বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে স্নাতক প্রার্থীদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
বয়সসীমা ১৮ থেকে ২৪ বছরের মধ্যে নির্ধারিত হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে। পাশাপাশি শারীরিক সক্ষমতার পরীক্ষাও নেওয়া হবে। নির্বাচিতদের প্রশিক্ষণকালীন সংস্থার বিধি অনুসারে মাসিক ভাতা প্রদান করা হবে।
আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। প্রার্থীদের নির্দিষ্ট পোর্টালে অ্যাপ্রেন্টিসশিপের জন্য নাম নথিভুক্ত থাকতে হবে। নাম নথিভুক্তকরণের শংসাপত্র-সহ প্রয়োজনীয় নথি অনলাইনে জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নথি যাচাইয়ের জন্য ৯ থেকে ১৩ মার্চের মধ্যে প্রার্থীদের পারাদ্বীপ তৈল শোধনাগারে উপস্থিত হতে বলা হয়েছে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







