ঝাড়গ্রামের প্রশাসনিক দফতরে ডেটা এন্ট্রি কাজের সুযোগ, আবেদন করবেন কী ভাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
jhargram-administration-data-entry-job

WB Govt Job 2026: ঝাড়গ্রাম জেলায় প্রশাসনিক স্তরে কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নেওয়ার কথা জানানো হয়েছে। কম্পিউটারভিত্তিক কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন চাকরিপ্রার্থীদের কাছে এই সুযোগটি উল্লেখযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

ঝাড়গ্রাম জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের দফতরের অধীনে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। মোট একটি শূন্যপদে নিয়োগ হবে এবং সেই পদটি তফশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই পদে নিযুক্ত কর্মীর মাসিক পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ১৬ হাজার টাকা।

যোগ্যতার ক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে। আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে সার্টিফিকেটের পাশাপাশি ‘এক্সেল’, ‘ওয়ার্ড’-সহ ‘মাইক্রোসফ্‌ট অফিস’-এর বিভিন্ন সফ্‌টওয়্যারে কাজের দক্ষতা থাকা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। পদভেদে অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলির বিষয়টিও বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে।

READ  সাংবাদিকতা বিভাগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ, কী যোগ্যতা চাই?

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলে প্রার্থীদের প্রথমে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://jhargram.gov.in/) যেতে হবে। হোমপেজ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’ বিভাগে প্রবেশ করলে সংশ্লিষ্ট নিয়োগ-বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ ফেব্রুয়ারি।

আবেদনপর্ব শেষ হলে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যাচাই করা হবে। সমস্ত ধাপ সম্পন্ন হওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলি ও অন্যান্য তথ্য জানতে জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Share this: