
AIIMS Kalyani Recruitment 2026: কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ অস্থায়ী ভিত্তিতে গবেষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থার আর্থিক সহায়তায় একটি নির্দিষ্ট প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে এই নিয়োগ। সংশ্লিষ্ট বিভাগে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে।
কার্ডিয়োলজি বিভাগে গবেষণা চলবে। প্রদাহ কমাতে ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসের প্রভাব এবং সেই খাদ্যরীতিকে আঞ্চলিক ভারতীয় রান্নার সঙ্গে কী ভাবে সামঞ্জস্য করা যায়, তা নিয়ে সমীক্ষা হবে। প্রকল্পটির অর্থ সহায়তা করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
নিয়োগ হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (নন-মেডিক্যাল) পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে এক বছরের জন্য চুক্তি করা হবে। পরবর্তী সময়ে প্রকল্পের প্রয়োজন এবং কাজের অগ্রগতির উপর নির্ভর করে মেয়াদ বৃদ্ধি পেতে পারে। মাসিক পারিশ্রমিক ধার্য হয়েছে ৫৬ হাজার টাকা। এর পাশাপাশি বাড়িভাড়া বাবদ অতিরিক্ত ভাতার ব্যবস্থাও রয়েছে।
আবেদনকারীর বয়সসীমা ৩৫ বছরের মধ্যে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হওয়া আবশ্যক। তবে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হলেও পিএইচডি ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। নিউট্রিশন বা ডায়েটেটিক্সে বিশেষ দক্ষতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।
যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে লিখিত পরীক্ষা বা অ্যাপ্টিটিউড টেস্ট এবং পরবর্তী পর্যায়ে সাক্ষাৎকারের আয়োজন করা হবে। আবেদনপত্র দাখিল করতে হবে নির্দিষ্ট ই-মেল আইডিতে, সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে। নির্ধারিত সময়সীমা ২৫ ফেব্রুয়ারি। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্ত ও তথ্য প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







