
BECIL Recruitment 2026: কেন্দ্রীয় সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের তরফে ফের কর্মসংস্থানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জম্মুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি পদে এই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন গ্রহণ করা হবে অফলাইনে।
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট হাসপাতালে মোট ৬১টি পদমর্যাদায় নিয়োগ হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১৫৪। এর মধ্যে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, চিফ ডায়েটিশিয়ান, ডায়েটিশিয়ান, সিনিয়র ডায়েটিশিয়ান, চিফ মেডিক্যাল রেকর্ড অফিসার, মেডিক্যাল রেকর্ড অফিসার, মেডিকো সোশ্যাল অফিসার, সাইকিয়াট্রিক সোশ্যাল অফিসার এবং চিফ নার্সিং অফিসার-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ।
পদ অনুযায়ী মাসিক পারিশ্রমিকের পরিমাণ আলাদা। সর্বনিম্ন ১৭,০০০ টাকা থেকে শুরু করে কিছু ক্ষেত্রে তা ১,০০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। নিয়োগ সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দায়িত্ব নির্ধারিত হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রেও প্রতিটি পদের জন্য আলাদা মানদণ্ড রাখা হয়েছে। কারিগরি পদগুলির ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক ডিগ্রি বা ডিপ্লোমা আবশ্যক। প্রশাসনিক ও তত্ত্বাবধায়ক পদগুলির ক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতার উল্লেখ রয়েছে। বিস্তারিত যোগ্যতার শর্ত জানতে সংস্থার সরকারি ওয়েবসাইট দেখতে হবে।
আবেদনপত্র নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র-সহ পাঠাতে হবে। সংরক্ষিত শ্রেণি ব্যতীত অন্যান্য প্রার্থীদের জন্য আবেদনমূল্য ধার্য হয়েছে ২৯৫ টাকা। নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র দাখিল করা যাবে। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি ও অন্যান্য প্রশাসনিক নির্দেশিকা জানতে সংস্থার ওয়েবসাইটে নজর রাখা প্রয়োজন।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







