
JU Requerment 2026: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তরদের জন্য গবেষণার কাজের সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি গবেষণা প্রকল্পে নিয়োগ করা হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে যে প্রার্থীদের যোগ্যতা যাচাই হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।
গবেষণার বিষয়টি ব্যাটারি সিস্টেমে ত্রুটি আগাম শনাক্তকরণ সংক্রান্ত। ‘ডেভেলপমেন্ট অফ আর্লি ডিটেকশন অফ ব্যাটারি ফল্টস ইউজ়িং ডেটা ড্রিভেন অ্যান্ড ডায়নামিকাল সিস্টেম-বেস্ড অ্যাপ্রোচেস’ শীর্ষক এই প্রকল্পে ফ্লুয়িড ডায়নামিক্স, হিট ট্রান্সফার এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ে দক্ষতার প্রয়োজন হবে।
প্রকল্পটি কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থানুকূল্যে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের জন্য একজন রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হবে। প্রকল্পের তহবিল ও অগ্রগতির ভিত্তিতে কাজের মেয়াদ নির্ধারিত হবে। নিযুক্ত গবেষকের মাসিক সাম্মানিক ধার্য করা হয়েছে ৩৭,০০০ টাকা। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বাড়িভাড়া সংক্রান্ত অতিরিক্ত ভাতাও প্রাপ্য হবে।
যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে। সরকারি বিধি মেনে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড়ের সুযোগ থাকবে। শিক্ষাগত দিক থেকে মেকানিক্যাল, কেমিক্যাল, নিউক্লিয়ার, পাওয়ার অথবা এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, গেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও আবশ্যিক শর্ত হিসেবে উল্লেখ রয়েছে।
আগামী ১৬ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩টে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়-এর সংশ্লিষ্ট বিভাগে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে। আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৫০ টাকা। ইন্টারভিউ সংক্রান্ত শর্তাবলি এবং অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তির সূত্র ধরেই জানা যাবে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







