আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক, প্রথমবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
west-bengal-hs-exam-2026-semester-system-starts-today

HS Exam 2026: আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা। একই সঙ্গে তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতির পরীক্ষাও চলছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে এ বার প্রশ্নপত্র পড়ে নেওয়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে।

পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে। মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি স্কুলে দেহ তল্লাশির ব্যবস্থা করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রাজ্য জুড়ে ১০৪টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে প্রথম দিনেই শৃঙ্খলা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। কলকাতার হেয়ার স্কুলে কয়েক জন পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে পৌঁছন। কেউ ১০ মিনিট, কেউ ২৫ মিনিট এবং এক জন ৩৪ মিনিট দেরিতে আসেন। সংশ্লিষ্ট ছাত্রের দাবি, বাসের সমস্যার কারণে দেরি হয়েছে। বিষয়টি নিয়ে পরীক্ষা পরিচালনাকারী মহল সতর্ক দৃষ্টি রাখছে।

READ  উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন! পুরো নম্বর দেবে সংসদ

সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজের এক্স হ্যান্ডলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। কলকাতার বিভিন্ন স্কুলে কলকাতা পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা সম্পন্ন হয়। সে বারই প্রথম ওএমআর শিটে পরীক্ষা দেয় দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। সময় নিয়ে বিস্তর অভিযোগ ওঠায় এ বার চতুর্থ সেমেস্টারে বাড়তি ১০ মিনিট বরাদ্দ করা হয়েছে।

মাহেশ্বরী বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রেষ্ঠা সাহু, যিনি ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে পরীক্ষা দিতে এসেছেন, জানান প্রথম বার ওএমআর পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার সময় কিছুটা উদ্বেগ ছিল। অতিরিক্ত সময় পাওয়ায় এ বার স্বস্তি মিলেছে বলে তাঁর বক্তব্য।

চতুর্থ সেমেস্টারের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত নির্ধারিত। পুরনো নিয়মে পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। চূড়ান্ত ও সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে শুরু হওয়ার ১০ মিনিট আগে প্রশ্নপত্র ও ওএমআর শিট বিতরণ করা হচ্ছে বলে শিক্ষা সংসদ জানিয়েছে।

Share this: