
C-DAC Recruitment 2026: কেন্দ্রীয় সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং ৮০৫টি প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট টেকনিশিয়ান-সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। অনলাইনে আবেদন শুরু ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে, শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৬। আবেদন করতে হবে সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে।
দেশের বিভিন্ন কেন্দ্র মিলিয়ে মোট ৮০৫টি শূন্যপদে নিয়োগ হবে। বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, নয়ডা, পুনে-সহ একাধিক শহরে কর্মী নেওয়া হবে। এর মধ্যে নয়ডা কেন্দ্রে সর্বাধিক ২৮৩টি পদ রয়েছে। কলকাতা কেন্দ্রেও শূন্যপদ রয়েছে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট টেকনিশিয়ান এবং অন্যান্য পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.ই বা বি.টেক ডিগ্রি থাকতে হবে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরসহ। পাশাপাশি এম.ই বা এম.টেক, এম.এসসি, এমসিএ কিংবা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। কম্পিউটার সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো শাখায় শিক্ষাগত যোগ্যতা প্রাধান্য পাবে।
আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর। সংরক্ষিত শ্রেণি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিধি অনুযায়ী বয়সে ছাড় মিলবে। সরকারি বা পাবলিক সেক্টরে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মে বয়সে অতিরিক্ত ছাড় প্রযোজ্য হতে পারে। বয়স ও অভিজ্ঞতা নির্ধারণের ক্ষেত্রে ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখটিকেই ভিত্তি ধরা হবে।
এই নিয়োগে কোনও আবেদনমূল্য ধার্য করা হয়নি। প্রাথমিক ভাবে অনলাইন আবেদনপত্রে দেওয়া তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্ক্রিনিং করা হবে। প্রয়োজন মনে করলে লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। শেষ পর্যন্ত সাক্ষাৎকার ও নথি যাচাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে সংস্থার সরকারি ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পদের পাশে থাকা আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। বৈধ ই-মেল ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করার পর ওটিপি যাচাইয়ের মাধ্যমে আবেদনপত্র পূরণ করা যাবে। নির্ধারিত মাপের ছবি এবং জীবনপঞ্জি আপলোড করতে হবে। অনলাইন ফর্ম জমা দেওয়ার পর একটি স্বতন্ত্র আবেদন নম্বর তৈরি হবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা প্রয়োজন। কোনও মুদ্রিত কপি ডাকযোগে পাঠানোর প্রয়োজন নেই।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







