
BSNL Recruitment 2026: টেলিকম সেক্টরে সরকারি চাকরির সুযোগ সব সময়ই নজর কাড়ে। আর নতুন বছরের শুরুতেই সেই সুযোগটাই সামনে আনল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। সংস্থার সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের জন্য মোট ১২০টি শূন্যপদে ‘সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি’ (SET) নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে মূলত টেলিকম অপারেশন ও ফাইনান্স বিভাগকে কেন্দ্র করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেলিকম স্ট্রিমে নেওয়া হবে ৯৫ জনকে। ফাইনান্স বিভাগে সুযোগ পাবেন ২৫ জন প্রার্থী। যোগ্যতার ক্ষেত্রে টেলিকম পদের জন্য আবেদনকারীদের ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা সমতুল্য শাখায় অন্তত ৬০ শতাংশ নম্বরসহ বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, ফাইনান্স বিভাগের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) অথবা সিএমএ (CMA) প্রফেশনাল ডিগ্রি ছাড়া আবেদন করা যাবে না।
বয়সের বিষয়টিও স্পষ্ট করে বলা হয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা ই-৩ পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন, যার সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত হয়ে মোট ইন-হ্যান্ড বেতন আরও বাড়বে। তবে যোগদানের সময় প্রার্থীদের ৫ বছরের একটি সার্ভিস বন্ডে সই করতে হবে, যা এই নিয়োগের একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবেই ধরা হচ্ছে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। শেষ তারিখ ৭ মার্চ। সব আবেদন অনলাইনেই করতে হবে বিএসএনএল-এর নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে। আবেদন করার সময় কোনো তথ্য ভুল হলে দুশ্চিন্তার কারণ নেই, কারণ ৮ থেকে ১৫ মার্চ পর্যন্ত সংশোধনের জন্য একটি কারেকশন উইন্ডো খোলা থাকবে। প্রার্থীদের মেধা যাচাই করা হবে একটি কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ২৯ মার্চ।
টেলিকম পরিষেবার আধুনিকীকরণ এবং প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই সাম্প্রতিক সময়ে একাধিক নিয়োগের পথে হাঁটছে বিএসএনএল। সেই প্রেক্ষিতেই এই নিয়োগকে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ সময় কিন্তু হাতে খুব বেশি নেই।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







