
Mid-Day Meal Update 2026: রাজ্যের স্কুল শিক্ষা দফতর নির্দেশ দিয়েছে, ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে মিড-ডে মিলের আওতায় থাকা প্রত্যেক পড়ুয়াকে অতিরিক্ত ১২টি ডিম খাওয়াতে হবে। জেলায় জেলায় ইতিমধ্যেই পাঠানো হয়েছে নির্দেশিকা।
নিয়ম অনুযায়ী সপ্তাহে একদিন করে ডিম দেওয়া হয় পড়ুয়াদের। সেই ভিত্তিতেই অর্থ বরাদ্দ হয়। কিন্তু গত ৯ ফেব্রুয়ারি জারি হওয়া নির্দেশে বলা হয়েছে, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই বাড়তি ১২টি ডিম পরিবেশন করতে হবে। ২০২৫-২৬ অর্থবর্ষে পুষ্টিকর খাদ্য সরবরাহের জন্য প্রায় ৭৭ কোটি ৯৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রান্না করা খাবার পায় এমন প্রায় ৮১,১৯,৪১৫ জন পড়ুয়ার জন্য এই অতিরিক্ত বরাদ্দ ধরা হয়েছে। পড়ুয়া পিছু প্রায় ৮ টাকা হিসাবে অর্থ বরাদ্দ হচ্ছে।
দফতরের নির্দেশ অনুযায়ী আগামী কয়েক সপ্তাহে নিয়মিত দিনের বাইরে আরও দু’তিন দিন করে ডিম দেওয়া হতে পারে। ফলে নির্ধারিত সাপ্তাহিক তালিকায় পরিবর্তন আসবে। সংশ্লিষ্ট স্কুলগুলিকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই অতিরিক্ত বরাদ্দের কারণ নিয়ে শিক্ষকদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে। শিক্ষক মহলের দাবি, গত বছর অতিরিক্ত গরমের কারণে দীর্ঘ ছুটি দেওয়া হয়েছিল। সে সময়ে মিড-ডে মিলের বরাদ্দের একটি অংশ অব্যবহৃত থেকে যায়। অর্থবর্ষের শেষ পর্যায়ে সেই অর্থ খরচ করতেই এই নির্দেশ এসেছে বলে মনে করছেন অনেকে।
সংসদ সূত্রে খবর, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, পড়ুয়াদের পুষ্টির বিষয়টি বছরভর গুরুত্ব পাওয়া উচিত। তাঁর দাবি, অতীতে অতিরিক্ত ছুটির জেরে যে অর্থ সঞ্চিত হয়েছিল, তারই একটি অংশ এখন বরাদ্দ করা হয়েছে। কারণ যাই হোক, শিক্ষকদের একাংশ মনে করছেন অতিরিক্ত ডিম পরিবেশন করলে পড়ুয়াদের পুষ্টির ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







